মোহাম্মদ রায়হান হোসেন নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ব্যস্ত সড়কে রাতের কোলাহলের মাঝেই ফুটে উঠেছে এক নীরব বাস্তবতা—মাটির তৈরি ঐতিহ্যবাহী পণ্যের অস্তিত্ব আজ হুমকির মুখে। ছবিতে দেখা যায়, এক ভ্রাম্যমাণ বিক্রেতা ঠেলাগাড়িতে সাজিয়ে রেখেছেন মাটির হাঁড়ি-পাতিল, কলস ও নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রী। আশপাশে ক্রেতাদের ভিড় থাকলেও আগের মতো চাহিদা আর নেই বলে জানান বিক্রেতারা।
প্লাস্টিকের সহজলভ্যতা, কম দাম এবং টেকসই ব্যবহারের কারণে মানুষ এখন ঝুঁকছে আধুনিক সামগ্রীর দিকে। ফলে প্রাচীন কুমোরশিল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে শহর ও গ্রাম উভয় অঞ্চল থেকেই। একসময় যে মাটির পাত্র ছাড়া রান্না-বান্না কল্পনাই করা যেত না, আজ তা শুধুই স্মৃতি হয়ে দাঁড়িয়েছে অনেকের কাছে।
বিক্রেতাদের অভিযোগ, কাঁচামালের দাম বেড়েছে, পরিশ্রমও বেশি, কিন্তু বিক্রি কমে যাওয়ায় জীবিকা চালানো কঠিন হয়ে পড়েছে। তবুও ঐতিহ্য টিকিয়ে রাখার আশায় তারা এখনো পথে পথে ঘুরে পণ্য বিক্রি করছেন।
বিশেষজ্ঞরা মনে করেন, পরিবেশবান্ধব এই মাটির পণ্যের ব্যবহার বাড়াতে সচেতনতা বৃদ্ধি ও সরকারি সহায়তা জরুরি। নচেৎ প্লাস্টিকের আগ্রাসনে হারিয়ে যাবে আমাদের হাজার বছরের ঐতিহ্যবাহী কুমোরশিল্প।
মোহাম্মদ রায়হান হোসেন 














